বরকলে যাত্রী-মালবাহি লঞ্চডুবি 


নিজস্ব প্রতিবেদক    |    ০২:০৫ এএম, ২০২৫-০৩-১১

বরকলে যাত্রী-মালবাহি লঞ্চডুবি 

কর্ণফুলির নদীর রাঙামাটি- বরকল নৌ রুটে পাটাতনে ছিদ্র হয়ে মালামাল বোঝাই একটি যাত্রীবাহি লঞ্চ ডুবে গেছে। সোমবার দুপুরে বরকল উপজেলার মরংছড়ি এলাকায় এ লঞ্চডুবির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।তবে লঞ্চডুবিতে কেউ হতাহত হননি।

ওই লঞ্চের যাত্রীরা জানান, সোমবার দুপুরে রাঙামাটি থেকে বরকলের উদ্দেশ্যে রওনা দেয় জাহাঙ্গীর কোম্পানি লঞ্চ এমভি জাহাঙ্গীর নামে যাত্রীবাহি লঞ্চটি।

যাত্রীবাহি লঞ্চ হলেও তাতে সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) বিভিন্ন মালামাল ও স্থানীয় দোকানদারদের মালামালে ভর্তি ছিল। অতিরিক্ত মালামাল বোঝাাই ও লঞ্চের পাটাতনে ছিদ্র হয়ে লঞ্চটাতে পানি ঢুকে দুর্ঘটনায় পড়ে। 


লঞ্চের যাত্রী বরকল উপজেলার বাসিন্দা সুলেখা চাকমা জানান, লঞ্চটি বরকলের শিমুলতলী পুলিশ ক্যাম্প এলাকায় পৌঁছার পর হঠাৎ অস্বাভাবিকভাবে দুলতে থাকে। তখনও আমরা বুঝতে পারিনি লঞ্চের পাটাতনে ছিদ্র হয়ে পানি ঢুকেছে। কিছুদুর যাবার পর মরংছড়ি এলাকায় পৌঁেছ লঞ্চটি কর্ণফুলি নদীর পানিতে ডুবে যায়। আমিতো  সাতাঁর জানিনা, অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। 


লঞ্চডুবির ঘটনা নিশ্চিত করে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লঞ্চটি ডুবে গেলেও হতাহতের মত ঘটনা ঘটেনি। তবে অনেক মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।


লঞ্চ উদ্ধারে বিজিবির সদস্য ও স্থানীয়রা কাজ করছেন। আলাদা ট্রলার বোট নিয়ে মালামাল গুলো নদী থেকে তোলার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন বরকলের ব্যবসায়ী দেবপ্রিয় চাকমা।