থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২


নিজস্ব প্রতিবেদক    |    ০২:২১ পিএম, ২০২২-০৫-২৬

থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২

বান্দরবানের থানচির জীবননগর নামক স্থানে পর্যটকবাহী একটি মাইক্রোবাস (এক্স নোহা) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জনের মৃত্যু হয়েছেন। এসময় গাড়িতে থাকা আরও ৭ জন আহত হয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বান্দরবান সদর থেকে থানচি উপজেলার উদ্দেশে রওনা করে পর্যটকদের একটি দল। মাইক্রোবাসটি পাহাড়ের আঁকাবাঁকা সড়ক অতিক্রম করে জীবননগর এলাকায় পৌঁছালে  ঢালুতে নামতে গিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১ জন পর্যটকের মৃত্যু হয়। পরে আহত আরেকজন বান্দরবান সদর হাসপাতালে আনার পথে নিহত হন। এসময় আরও ৭ জন পর্যটক গুরুতর আহত হয়। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে আহতদের উদ্ধার করে কয়েকজনকে বান্দরবান সদর হাসপাতাল ও কয়েকজনকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে পাঠানো হয়েছে, গাড়ি এবং আহতদের উদ্ধারে পাহাড়ে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস বিজিবি ও স্থানীয় বাসিন্দারা।

আহত পর্যটক মো. ওয়াহিদ বলেন, ঢাকা থেকে বান্দরবান বেড়াতে এসেছিলাম। থানচিতে যাবার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ীটি খাদে পড়ে গেছে, গাড়ীতে আমরা ৯ জন ছিলাম চালকসহ।

এদিকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় জানান, পর্যটকবাহী একটি মাইক্রো গাড়ী জীবননগর এলাকায় নামার পথে গভীর খাদে পড়ে ২ জন মারা গেছে। এ ঘটনায় ৭ জন পর্যটক আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।


উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস, বিজিবি ও স্থানীয়রা চেষ্টা চালাচ্ছেন।