বান্দরবানের পেঁপে বাগান এলাকায় সড়ক দুর্ঘটনা, নিহত দুই পর্যটক


অহিদুল ইসলাম অভি    |    ১১:৪৫ এএম, ২০২৬-০৭-৩১

বান্দরবানের পেঁপে বাগান এলাকায় সড়ক দুর্ঘটনা, নিহত দুই পর্যটক

বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১২টার দিকে পাহাড়ি সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. জামির উদ্দিন (৩০) এবং রুপাইয়া আক্তার রুপা (৩১)।

জানা গেছে, নিহত জামির উদ্দিনের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন/বোরহানউদ্দিন উপজেলায় এবং রুপাইয়া আক্তার রুপার বাড়ি গাজীপুর জেলায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, তারা মোটরসাইকেলে করে বগালেক ভ্রমণে গিয়েছিলেন। পাহাড়ি আঁকাবাঁকা সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে রুমা থানা পুলিশ এবং স্থানীয় টুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গভীর খাদ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওই দুই পর্যটক স্থানীয় ট্যুরিস্ট গাইড ছাড়াই বগালেক এলাকায় ভ্রমণে গিয়েছিলেন। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের মতে, রুমা-বগালেক সড়কটি অত্যন্ত দুর্গম ও ঝুঁকিপূর্ণ। বিশেষ করে রাতের অন্ধকার এবং পাহাড়ি বাঁক থাকায় এ সড়কে যানবাহন চালানোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকেও পর্যটকদের নিরাপত্তার স্বার্থে নিবন্ধিত স্থানীয় গাইড সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।