রাঙামাটি থেকে পাচারকালে পিকআপভর্তি কোটি টাকার সিগারেটসহ আটক-২


আলমগীর মানিক    |    ০৫:০০ পিএম, ২০২৫-০৩-২৩

রাঙামাটি থেকে পাচারকালে পিকআপভর্তি কোটি টাকার সিগারেটসহ আটক-২

ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে শুল্কবিহীন বিদেশী সিগারেট কাপ্তাই হ্রদ দিয়ে এনে রাঙামাটি থেকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চট্টগ্রামে পাচারের সময় হাটহাজারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে আনুমানিক এক কোটি টাকা মূল্যের ৬ হাজার ৩৮০ কার্টন বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় একটি পিকআপসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আমান বাজার এলাকায় চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. শওকত আকবর (৩৪) ও পিকআপ চালক মো. বাদশা (২৬)। তারা রাঙ্গামাটি জেলার কোতোয়ালির বাসিন্দা।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানিয়েছেন, বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৩ হাজার ৮০০ প্যাকেট (৬৩৮০ কার্টন) ওরিস এবং মন্ড ব্র্যান্ডের ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

হাটহাজারি থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, ডিবি পুলিশের অভিযানে এগুলো আটক করা হয়েছে। উদ্ধারকৃত সিগারেট এবং পিকআপ হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ওসি।