অর্ধশত দরিদ্র শিক্ষার্থীকে ঈদ উপহার দিলো স্বপ্নযাত্রী ফাউন্ডেশন 


আলমগীর মানিক    |    ০৩:২৭ পিএম, ২০২৫-০৩-২৭

অর্ধশত দরিদ্র শিক্ষার্থীকে ঈদ উপহার দিলো স্বপ্নযাত্রী ফাউন্ডেশন 

আসন্ন পবিত্র ঈদের আনন্দ সকলে মিলে উপভোগের অংশ হিসেবে পার্বত্য রাঙামাটি শহরের অর্ধশত গতদরিদ্র শিক্ষার্থীর মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবীদের সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন। রাঙামাটি শহরের ৭নং ওয়ার্ডের শান্তিনগর এলাকায় অবস্থিত সুবিধাবঞ্চিত এসব পরিবারের সন্তানদের বিনামূল্যে পাঠদানের প্রতিষ্ঠান স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ -১ এর অর্ধশতাধিক শিশুদের মাঝে বৃহস্পতিবার দুপুরে এই বস্ত্র সামগ্রী তুলে দেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। 

স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙ্গামাটির জেলা শাখার সভাপতি আহমেদ ইসতিয়াক আজাদ এর সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর বনরুপা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো: জসিম উদ্দীন ও ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম রবি। 

উক্ত  ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী রাঙামাটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আরজু, ঈদ বস্ত্র বিতরণ উপ কমিটির আহবায়ক ও জেলা দপ্তর সম্পাদক মইনুদ্দিন মইন, অর্থ সম্পাদক প্রমিতা চৌধুরী, সহ প্রচার প্রকাশনা সম্পাদক শোয়েব খান ফাহিম, স্বেচ্ছাসেবী আব্দুর রাজ্জাক, তানিশা চৌধুরী, বর্ষা ও প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে চেম্বারের সভাপতি এডভোকেট মামুনুর রশিদ মামুন বলেন সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে স্বপ্নযাত্রীর দেশব্যাপী মহৎ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক বরাদ্দ দেওয়া হয়, আসলে বরাদ্দ পাওয়ার দাবিদার এসব প্রতিষ্ঠানের উদ্যোক্তারা। তিনি ভবিষ্যতে চেম্বারের সভাপতি হিসেবে উক্ত প্রতিষ্ঠানের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। 

বিশেষ অতিথিদের বক্তব্যে জসীমউদ্দীন বলেন দেশব্যাপী স্বপ্নযাত্রীর চলমান কার্যক্রম দেখে আমরা অত্যন্ত খুশি। পার্বত্য জেলা রাঙ্গামাটিতে স্বপ্নযাত্রীর এই কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে স্থানীয় সরকারের বিশেষ নজরদারি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। 
বিশেষ অতিথি রবিউল আলম রবি উক্ত প্রতিষ্ঠান পরিচালনায় এলাকাবাসীর সহযোগিতা এবং অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। 

সভাপতির বক্তব্যে আহমেদ ইশতিয়াক  আজাদ বলেন, দীর্ঘদিন যাবত পরিচালিত এই প্রতিষ্ঠানসহ সংগঠনের অন্যান্য সকল কার্যক্রম স্বেচ্ছাসেবীদের পকেটের অর্থ ধারা পরিচালিত হয়। দীর্ঘদিন যাবত পরিচালিত এসব কার্যক্রমে সরকারি কোনো বরাদ্ধ বা সহযোগিতা না পাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। তিনি আরো বলেন শান্তিনগরে সরকারি বিভিন্ন জায়গা অবৈধভাবে ভোগ দখল করে আসছে একটি শ্রেণি, অবৈধ দখলমুক্ত করে স্বপ্ন যাত্রী  বিদ্যাপীঠের জন্য একটি জায়গার বরাদ্দ পেলে উক্ত প্রতিষ্ঠানটি আরো সুন্দরভাবে পরিচালনা করা যাবে। এ সময়ে তিনি স্বপ্নযাত্রীর এ সকল কার্যক্রমকে চলমান রাখতে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।