লংগদু জোনে ৩০ লাখ টাকার অবৈধ ভারতীয় সিগারেট জব্দ।


গোলামুর রহমান-লংগদু    |    ০৩:৩৫ পিএম, ২০২৫-১০-১২

লংগদু জোনে ৩০ লাখ টাকার অবৈধ ভারতীয় সিগারেট জব্দ।

রাঙামাটির লংগদু জোনের সেনাবাহিনী ৩০ লাখ টাকার অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে। ভারতের চোরাই সিগারেট দেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তথ্য অনুযায়ী, মারিশ্যা থেকে খেদারমারা এলাকা হয়ে দুরছড়ি ও পাবলাখালী এলাকার মধ্য দিয়ে দীঘিনালা ও খাগড়াছড়িতে অবৈধ সিগারেট ও মাদক (গাঁজা, ইয়াবা) পৌঁছে।

এই তথ্যের ভিত্তিতে লংগদু জোনের কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি এর নির্দেশনায়, ভারপ্রাপ্ত জোন টুআইসি মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওনের তত্ত্বাবধানে সাবজোন কমান্ডার মেজর ফেরদৌস এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকের নেতৃত্বে দুটি বিশেষ অপারেশন দল ১০ অক্টোবর সন্ধ্যা ৬টায় লেম্বুছড়ি মদনঘাট এলাকায় পৌঁছান।

অপারেশন দল দুটি চার ভাগে বিভক্ত হয়ে গোপন ফাঁদ পেতে অবস্থান নেয়। রাত ১০টার সময় সন্দেহভাজন একটি নৌকা নদীর ঘাটে দেখা দিলে টহল কমান্ডার রফিক নৌকাটিকে আটকানোর চেষ্টা করেন। তবে চোরাকারবারীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঝড়-বৃষ্টির মধ্যে নৌকাটি নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে নদীর চরের মাঝখান থেকে বস্তাবন্দী অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২৫–৩০ লাখ টাকা।

বিশ্বস্ত সূত্রের মতে, এসব চোরাচালান দীঘিনালা হয়ে খাগড়াছড়িতে পৌঁছানোর জন্য বাঘাইছড়ি, মারিশ্যার পাহাড়ি জনপদ ও কাপ্তাই হ্রদ ব্যবহার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন জানায়, চোরাচালানের বিরুদ্ধে তারা সর্বদা অভিযান চালিয়ে যাচ্ছে।