রাঙামাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া পার্বত্য ভূমি কমিশনের বৈঠক স্থগিতের ঘোষণা


আলমগীর মানিক    |    ০৮:৩০ পিএম, ২০২৫-১০-১৬

রাঙামাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া পার্বত্য ভূমি কমিশনের বৈঠক স্থগিতের ঘোষণা

আগামী ১৯ অক্টোবর (রবিবার) রাঙামাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় কমিশনের সচিবালয় থেকে জারি করা এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সাহাব উদ্দিন স্বাক্ষরিত স্মারক নম্বর পাচভূবিনিক/খাগড়া-৫৫, তারিখ: ১৬/১০/২০২৫ ইং এ জারিকৃত পত্রে উল্লেখ করা হয়—
“স্মারক নম্বর পাচভূবিনিক/খাগড়া-৪৮, তারিখ: ০৭/১০/২০২৫ ইং অনুযায়ী ১৯ অক্টোবর রবিবার সকাল ১১টায় রাঙামাটি জেলা পরিষদ ভবনে অবস্থিত কমিশনের শাখা কার্যালয়ে নির্ধারিত সভাটি অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরবর্তী তারিখ পরে জানানো হবে।”

উল্লেখ্য, সম্প্রতি তিন পার্বত্য জেলায় পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই বৈঠক স্থগিতের দাবি জানিয়ে নানান কর্মসূচি পালন করা হয়।

সর্বশেষ বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন—
“পিসিসিপি’র আট দফা দাবি বাস্তবায়ন ছাড়া ভূমি কমিশনের বৈঠক আয়োজনের চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

তারা আরও ঘোষণা দেন, যদি বৈঠক স্থগিত না করা হতো, তবে ১৯ অক্টোবর রবিবার সারাদিনব্যাপী রাঙামাটি শহরের প্রতিটি মোড়ে অবস্থান কর্মসূচি, বৈঠকের স্থান ঘেরাও ও পৌর এলাকায় অবরোধ পালন করা হতো।