পাহাড়ি অজগরের পেটে আস্ত ছাগল


নাজিম আল হাসান    |    ০৩:৪৭ পিএম, ২০২৫-১০-২২

পাহাড়ি অজগরের পেটে আস্ত ছাগল

রাঙামাটির দুর্গম বরকল উপজেলার এরাবুনিয়ায় ঘটেছে এক বিরল ঘটনা—এক কৃষকের ছাগল গিলে ফেলেছে বিশাল এক অজগর সাপ! বুধবার (২২ অক্টোবর) সকালে এ ঘটনাটি ঘটলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এরাবুনিয়া ৫নং ওয়ার্ডের কৃষক মো. রুমি সকালে তার একটি ছাগল খুঁজে না পেয়ে চারপাশে খোঁজ শুরু করেন। কিছু সময় পর জঙ্গলের ভেতর একটি বিশাল অজগর সাপকে দেখতে পান, যার পেট অস্বাভাবিকভাবে ফুলে ছিল।

প্রথমে ভয় পেলেও পরে স্থানীয়দের সহায়তায় রুমি সাহসের সঙ্গে সাপটিকে ঘেরাও করে নিরাপদে বন্দী করেন। তখনই ধারণা করা হয়, অজগরটি তার ছাগলটিই গিলে ফেলেছে।

এরপর তিনি বিষয়টি বন বিভাগ১২ বিজিবি এরাবুনিয়া ক্যাম্পে জানান। খবর পেয়ে বিজিবি ক্যাম্প কমান্ডার মো. নাজিম উদ্দিন ও বন বিভাগের কর্মকর্তা মো. আকবর আলী ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে নিজেদের হেফাজতে নেন।
উপস্থিত ছিলেন স্থানীয় চৌকিদার মো. জাহাঙ্গীর আলম ও এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি, যারা আনুষ্ঠানিকভাবে সাপটি বন বিভাগের হাতে হস্তান্তর করেন।

বন কর্মকর্তা মো. আকবর আলী জানান,অজগর সাপটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। সেটিকে পর্যবেক্ষণের পর পাহাড়ি বনে পুনরায় অবমুক্ত করা হবে।”

স্থানীয়রা বলেন, এরাবুনিয়া পাহাড়ি অঞ্চলে মাঝে মাঝে বড় অজগর দেখা গেলেও গৃহপালিত প্রাণী গিলে ফেলার ঘটনা এই প্রথম ঘটল।

এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ এটিকে পরিবেশের ভারসাম্য ও বন্যপ্রাণীর আবাসস্থল সংকুচিত হওয়ার ফলাফল বলেও মনে করছেন।

এদিকে বন বিভাগের দ্রুত পদক্ষেপে অজগরটি বাঁচানো সম্ভব হওয়ায় স্থানীয়রা তাদের প্রশংসা করেছেন এবং বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।