শহীদদের স্মরণে দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৪৪ পিএম, ২০২৫-১০-২৮

শহীদদের স্মরণে দোয়া মাহফিল

ঐতিহাসিক ২০০৬ সালের ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পৌরসভার উদ্যোগে জেলা জামায়াত কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর মাওলানা হারুনুর রশিদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে লগি-বৈঠা নিয়ে হামলা চালিয়ে অনেক নেতাকর্মীকে শহীদ করা হয়। আমরা সেই নির্মম হত্যাযজ্ঞের ন্যায়বিচার চাই।

খুনিদের বিচারের মাধ্যমে শহীদদের আত্মা শান্তি পাবে।” তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।”

জেলা নায়েবে আমীর ও বান্দরবান-৩০০ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম বলেন, “২০০৬ সালের সেই ঘটনার নির্দেশ এসেছিল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে।

আমরা এর সঠিক বিচার চাই। জনগণের ভোটে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মধ্য দিয়েই সেই অন্যায়ের জবাব দিতে হবে।”

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবদুল আউয়াল, জেলা জামায়াতের মিডিয়া ও যুববিভাগ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, বান্দরবান সদর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. সোলাইমান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহনেওয়াজ চৌধুরী।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পৌর শহর শাখার সভাপতি ওবায়দুল হক, পৌর বায়তুলমাল সম্পাদক মিজানুর রহমান, ২নং ওয়ার্ড সভাপতি মো. রিয়াজ উদ্দিন, আতিকুর রহমান, শিবির নেতা মেহেদী হাসান ও আলমগীর।

দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।