সেনাবাহিনীর উদ্যোগে মাচালং বাজারে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু


ওমর ফারুক সুমন    |    ০৫:৫৬ পিএম, ২০২৫-১১-১৮

সেনাবাহিনীর উদ্যোগে মাচালং বাজারে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং বাজারে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর পুনরায় সচল হলো বিশুদ্ধ পানির সরবরাহ ব্যবস্থা।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ বেঙ্গল বাঘাইহাট জোনের উদ্যোগে পরিত্যক্ত এই পানি পয়েন্টটি সংস্কার করে স্থানীয় জনগণ ও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

পাহাড়ি এলাকা হওয়ায় প্রতি বছরের শুষ্ক মৌসুমে মাচালং ও আশপাশের এলাকায় ঝিরি–ঝর্ণা ও নলকূপের পানি শুকিয়ে যায়। ফলে দেখা দেয় তীব্র বিশুদ্ধ পানির সংকট। এই প্রয়োজনীয়তা মাথায় রেখে সেনাবাহিনী পানি সুবিধাটি পুনরায় সচল করে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মাচালং বাজারের বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা নতুনভাবে প্রাণ ফিরে পায়।

বাংলাদেশ সেনাবাহিনী “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন”—এ মূল লক্ষ্য সামনে রেখে দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।

স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগণ ও সাজেকগামী পর্যটকদের সঙ্গে মতবিনিময়ে জানা যায়—পানি সরবরাহ পুনরায় চালু হওয়ায় তাদের মধ্যে নতুন বিশ্বাস ও স্বস্তি তৈরি হয়েছে।

পরে সেনাবাহিনীর পক্ষ থেকে মাচালং বাজার এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।