অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন


আলমগীর মানিক    |    ০৩:২৭ পিএম, ২০২৫-১২-২৭

অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন স্পষ্টভাবে জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ এবং কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে না।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ভোটের গাড়ি’ ক্যারাভান উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সরকার আশা করছে, এটি উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে।

তিনি উল্লেখ করেন, বিগত ১৫ বছরে দেশে সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। ২০০৮ সালের পর এই প্রথম দেশবাসী একটি প্রকৃত নির্বাচনের স্বাদ পেতে যাচ্ছে।

বিশেষ করে ৩০ বছরের কম বয়সী তরুণদের জন্য এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যারা আগে কোনো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সরকারের প্রধান লক্ষ্য প্রতিটি নাগরিককে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া।

দীর্ঘ এক যুগের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আয়োজক সূত্রে জানা গেছে, ‘ভোটের গাড়ি’ ক্যারাভানটি ভোলার বিভিন্ন উপজেলা প্রদক্ষিণ করে ভোটারদের সচেতন করার কাজ চালিয়ে যাবে।