বিএনপিতে যোগ দিয়ে ঝিনাইদহ-৪ থেকে প্রার্থী রাশেদ খান, ঐক্যের ডাক মির্জা ফখরুলের


আলমগীর মানিক    |    ০৬:১৭ পিএম, ২০২৫-১২-২৭

বিএনপিতে যোগ দিয়ে ঝিনাইদহ-৪ থেকে প্রার্থী রাশেদ খান, ঐক্যের ডাক মির্জা ফখরুলের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৪ আসনে প্রার্থিতা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর উপজেলার আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন মো. রাশেদ খান।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দলীয় প্রার্থী মো. রাশেদ খানের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং মাঠপর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানটিতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন মো. রাশেদ খান। তিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

বিএনপিতে তার যোগদানকে দলীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্ট নেতারা।

এর আগে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণ অধিকার পরিষদ জানায়, দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপিতে যোগদানের অনুমোদন দেওয়া হয়েছে।

দলীয় সিদ্ধান্ত ও সামগ্রিক নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই তিনি বিএনপির প্রার্থী হিসেবে ঝিনাইদহ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রার্থী ঘোষণা ও দলবদল ঝিনাইদহ-৪ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।

স্থানীয় পর্যায়ে বিএনপির সাংগঠনিক তৎপরতা আরও জোরদার হবে বলেও ধারণা করা হচ্ছে।