রাবিপ্রবি ও চীনের ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর


আলমগীর মানিক    |    ০১:১৯ পিএম, ২০২৫-১২-২৮

রাবিপ্রবি ও চীনের ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রাঙ্গামাটি, ২৭ ডিসেম্বর ২০২৫ – রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং চীনের ইনস্টিটিউট অব আরবান এনভায়রনমেন্ট, চাইনিজ একাডেমী অব সায়েন্সের মধ্যে আজ ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে একটি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

রাবিপ্রবি-এর পক্ষে স্বাক্ষর করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এবং রিসার্চ এন্ড ইনোভেশন ম্যানেজমেন্ট সেল (আরআইএমসি)-এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আবদুল্লাহ আল মামুন।

চীনের ইনস্টিটিউটের পক্ষে স্বাক্ষর করেন প্রফেসর জুন ইয়াং।

এ সমঝোতা স্মারকের মাধ্যমে রাবিপ্রবি-এর ফিশারিজ ও মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের “অ্যাকুয়াটিক মাইক্রোবিয়াল ইকোলজি (AME) রিসার্চ গ্রুপ” এবং ইনস্টিটিউট অব আরবান এনভায়রনমেন্টের “অ্যাকুয়াটিক ইকো-হেলথ গ্রুপ” এর মধ্যে পারস্পরিক শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

উভয় পক্ষ মিঠা পানি ও সমুদ্রের মৎস্য সম্পদ, সমুদ্র শাসন ও প্রযুক্তি, সামুদ্রিক স্থানিক পরিকল্পনা, নীল অর্থনৈতিক প্রবৃদ্ধি, সমন্বিত উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা, সমুদ্র পর্যবেক্ষণ, ওশান মডেলিং, সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনা, জলবিদ্যা এবং মেরিকালচার প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করবে।

এছাড়া, উভয় প্রতিষ্ঠান প্রশিক্ষণ কোর্স, সেমিনার এবং কর্মশালার মাধ্যমে পারস্পরিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে। শিক্ষক, গবেষক, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রামের আয়োজন করা হবে।

উভয় পক্ষ একে অপরকে যেকোনো প্রশিক্ষণ, সেমিনার বা কর্মশালার জন্য আমন্ত্রণ জানাবে।

তদুপরি, যৌথভাবে হ্রদ, নদী এবং সমুদ্র সম্পর্কিত গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা, অনুসন্ধান এবং পরিচালনার জন্য ল্যাবরেটরি সুবিধা প্রদান বা বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিনিময় এবং গবেষণার জন্য সমুদ্র ভ্রমণের আয়োজন করা হবে।

সমঝোতা স্মারকটি আগামী ৫ বছরের জন্য কার্যকর থাকবে এবং পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিক্রমে মেয়াদ বৃদ্ধি করা যাবে।