ওসমান হাদি হত্যাঃ দুই আসামি ভারতে পালাল, মেঘালয়ে গ্রেপ্তার দুই সহযোগী


নিজস্ব প্রতিবেদক    |    ০১:২৪ পিএম, ২০২৫-১২-২৮

ওসমান হাদি হত্যাঃ দুই আসামি ভারতে পালাল, মেঘালয়ে গ্রেপ্তার দুই সহযোগী

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যার দুই প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার এস. এন. মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্থানীয়দের সহায়তায় অভিযুক্তরা হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় রাজ্যে পালিয়েছেন।

তাদের পালাতে সহায়তা করেছে দুই ভারতীয়, যাদের মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে।

ডিএমপি মনে করছে, রাজনৈতিক কারণেই শহীদ ওসমান হাদি হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তরা ৫ আগস্টের অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চার্জশিট দ্রুত দেওয়া হবে।

নজরুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ, উপস্থিত ব্যক্তিদের তথ্য, ওপেন সোর্স এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে হত্যাকারী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ/রাহুল এবং তার সহায়ক মোটরসাইকেল চালক আলমগীর শেখ শনাক্ত করা হয়েছে।

তাদের গ্রেপ্তারের জন্য ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং চারজন ১৬৪ ধারায় সাক্ষ্য প্রদান করেছেন।

মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করার লক্ষ্য নিয়ে তদন্ত সম্পন্ন পর্যায়ে রয়েছে।

আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে চার্জশিট দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ডিএমপি নিশ্চিত করেছে, রাষ্ট্রের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে যেন ন্যায়বিচার দ্রুত নিশ্চিত করা যায়।