এবার এনসিপি ছাড়লেন আরও এক নেতা


নিজস্ব প্রতিবেদক    |    ১০:০৫ পিএম, ২০২৫-১২-২৮

এবার এনসিপি ছাড়লেন আরও এক নেতা

ফেনী-৩ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কাশেম নীতিগত কারণে দল থেকে পদত্যাগ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্ত জানান।

আবুল কাশেম লিখেছেন, “নীতিগত কারণে আমি জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ ও নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

প্রিয় ফেনী-৩-এর এলাকাবাসী, আমার সালাম গ্রহণ করবেন। সাম্প্রতিক সময়ে এনসিপি যে রাজনৈতিক সমঝোতা ও অবস্থান গ্রহণ করেছে, তা আমার ব্যক্তিগত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

তিনি আরও জানিয়েছেন, এই সিদ্ধান্ত কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব বা অভিযোগের ভিত্তিতে নয়, বরং মতাদর্শগত ভিন্নতার কারণে নেওয়া হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন, “এখনো আমরা লিখিত কোনো পদত্যাগপত্র পাইনি।

যদি জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট চূড়ান্ত হয়, তাহলে ফেনীর কোনো আসনে আলাদা প্রার্থিতা থাকবে না এবং জোটের প্রার্থীই আমাদের প্রার্থী হিসেবে গণ্য হবে।”

এ প্রসঙ্গে উল্লেখ্য, জামায়াতের সঙ্গে সম্ভাব্য জোট আলোচনার পর থেকে এনসিপির ভেতরে অসন্তোষ প্রকাশ পেয়েছে।

এর ধারাবাহিকতায় ২৫ ডিসেম্বর কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, ২৭ ডিসেম্বর সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, এবং সর্বশেষ ডা. তাজনুভা জাবিন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এই পদত্যাগগুলো এনসিপির রাজনৈতিক অবস্থান, জোট রাজনীতি এবং ভবিষ্যৎ ভূমিকা নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে।