যৌথ অভিযানে ৬৫০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১


অহিদুল ইসলাম অভি    |    ০১:১০ পিএম, ২০২৫-১২-৩০

যৌথ অভিযানে ৬৫০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালীতে থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়িসহ একজনকে গ্রেফতার করা হয়।

রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৯ ডিসেম্বর রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রাবারবাগান ফরেনার্স পুলিশ চেকপোস্টের সামনে একটি পিকআপ গাড়ি তল্লাশি করে ২৬টি বস্তায় সংরক্ষিত স্যালাইনের প্যাকেটের ভেতর থাকা মোট ৬৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা।

এ সময় পিকআপ চালক অনুপ দত্ত (৩১) কে গ্রেফতার করা হয়। তবে আরও দুইজন অজ্ঞাতনামা আসামি পালিয়ে যায়।

এ ঘটনায় কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।