খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গুলশানে দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৪৫ পিএম, ২০২৬-০১-০২

 খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গুলশানে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে অংশ নেন তার জ্যেষ্ঠ পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আসরের নামাজের পর বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

দুপুর থেকেই দোয়া মাহফিলে অংশ নিতে গুলশান আজাদ মসজিদ ও এর আশপাশের এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী উপস্থিত হন।

এছাড়া দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ মানুষও মরহুমার রুহের মাগফিরাত কামনায় এই দোয়ায় অংশ নেন।

মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। তার স্মরণে দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।