কক্সবাজার-১ আসনে ৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা


মেহেদী হাসান    |    ০১:২৯ পিএম, ২০২৬-০১-০৩

কক্সবাজার-১ আসনে ৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের মনোনয়ন যাচাই-বাছাই শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্পন্ন হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫ প্রার্থীর মধ্যে বিএনপির মনোনীত সালাহউদ্দিন আহমদ, জামায়াত ইসলামী মনোনীত আব্দুল্লাহ আল ফারুক এবং গণঅধিকার পরিষদ মনোনীত আবদুল কাদের প্রাইমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

তবে মনোনয়নপত্রে অসংগতি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামসহ ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

গত ১১ ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

কক্সবাজার-১ আসনটি চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এবং পেকুয়া উপজেলার ৭ ইউনিয়ন নিয়ে গঠিত।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৪৯০ জন। চকরিয়া উপজেলায় ভোটার ৩ লাখ ৯১ হাজার ৭৪০ জন, পেকুয়া উপজেলায় ১ লাখ ৪৮ হাজার ৭৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯০ হাজার ২৯১ জন, মহিলা ভোটার ২ লাখ ৫০ হাজার ১৯৮ জন।