সেনা তল্লাশিতে চাইনিজ পিস্তলসহ একজন গ্রেপ্তার


অহিদুল ইসলাম অভি    |    ০৬:৫০ পিএম, ২০২৬-০১-০৫

সেনা তল্লাশিতে চাইনিজ পিস্তলসহ একজন গ্রেপ্তার

রাঙামাটির নানিয়ারচর জোন (১৭ ইস্ট বেঙ্গল) অধীনস্থ ঘিলাছড়ি সেনা ক্যাম্পের চেকপোস্টে তল্লাশিকালে অস্ত্রসহ একজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (৫ জানুয়ারি) সকালে খাগড়াছড়ির মহালছড়ি থেকে রাঙামাটির মানিকছড়ির দিকে যাওয়ার পথে উত্তম কুমার (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সেনা সূত্র জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র বহনকারী একজন ব্যক্তির চলাচলের খবর পেয়ে সকাল ৮টা থেকে ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের চেকপোস্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ওই সময় সংশ্লিষ্ট রুটে চলাচলকারী সকল যানবাহন ও ব্যক্তিকে নিবিড়ভাবে তল্লাশি করা হচ্ছিল।

সকাল সাড়ে ৯টার দিকে চেকপোস্টে দায়িত্বরত সেনা সদস্যরা এক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি মদ্যপ অবস্থায় বিরূপ আচরণ করেন এবং কিছু লুকানোর চেষ্টা করলে সেনা সদস্যরা তাকে আটক করেন। পরবর্তীতে দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন এবং নগদ ৪১৫ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, পিএসসি বলেন,

“অবৈধ অস্ত্র বহন একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ দমনে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।”