গণতন্ত্রের নামে নিপীড়ন চালিয়েছে আওয়ামী লীগ: সালাহউদ্দিন আহমদ


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩৪ পিএম, ২০২৬-০১-০৬

গণতন্ত্রের নামে নিপীড়ন চালিয়েছে আওয়ামী লীগ: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনার সরকার দীর্ঘদিন ধরে দেশে একনায়কতান্ত্রিক ও ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল।

ছাত্র ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই সেই ফ্যাসিবাদী শক্তির পতন ঘটেছে। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ছিল মূলত একটি পরাধীনতামুখী রাজনৈতিক শক্তি, যারা দেশের স্বার্থের চেয়ে বিদেশি প্রভাবকে বেশি গুরুত্ব দিয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাদা এলাকায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে।

বিরোধী মত দমনে তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে। এতে দেশে গণতন্ত্রের পরিবর্তে ভয় ও নিপীড়নের পরিবেশ তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “এই সরকারের শাসনামলে ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত এসেছে। আলেম সমাজের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে।

আওয়ামী লীগ ছিল আলেমবিদ্বেষী ও ইসলামবিদ্বেষী মনোভাবের সরকার—যা এ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠীর জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক।”

দেশের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, “আজ সবচেয়ে বড় প্রশ্ন—আমরা কেমন বাংলাদেশ চাই? জনগণ ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা একটি শক্তিশালী ও টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র চায়।

তারা চায় বৈষম্যহীন সমাজ, যেখানে আইনের শাসন থাকবে, সুবিচার নিশ্চিত হবে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”

মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পহরচাদা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদ আহমদ আজিজি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলী, পহরচাদা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন হায়দার এবং উপদেষ্টা জালাল আহমদ সিকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশবাসীর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।