রাঙ্গামাটিতে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত


নাজিম আল হাসান    |    ০৮:৫৭ পিএম, ২০২৬-০১-১৯

রাঙ্গামাটিতে  বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলার রূপকার, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৪টায় রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি-২৯৯ নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক নন, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।

মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ও ঐতিহাসিক ভূমিকা এবং স্বাধীনতার ঘোষণা এ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে শহীদ জিয়া দেশে গণতন্ত্রের পথ সুগম করেছিলেন।

জনগণের ক্ষমতায়নে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। স্বনির্ভর বাংলাদেশের যে দর্শন তিনি রেখে গেছেন, তা আজও আমাদের জন্য পথনির্দেশক ও অনুকরণীয়।

বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, আজ দেশের গণতন্ত্র হুমকির মুখে।

শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় থাকতে হবে।

আলোচনা সভায় অন্যান্য বক্তারাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা এবং বাংলাদেশের উন্নয়ন ও স্বনির্ভরতার পথে তাঁর রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।