হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু


নাজিম আল হাসান    |    ০৭:২৮ পিএম, ২০২৬-০১-২২

হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু

রাঙামাটি জেলা, বরকল উপজেলা: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, রাঙামাটি-২৯৯ আসনে গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা বরকল উপজেলার ছোট হরিণা বাজার থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।

প্রচারণার অংশ হিসেবে তিনি নিজ উপজেলার বিভিন্ন এলাকায় ইশতেহার বিতরণ, গণসংযোগ এবং পথসভা করেন।

পথসভায় জুঁই চাকমা বলেন, “আমি সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।

বছরের পর বছর ধরে আমাদের এলাকা উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে আছে। এই অঞ্চলের ভোটাররা এখনও বুঝতে পারছেন না, রাষ্ট্রের উন্নয়নে সুষম বণ্টন কি জিনিষ।

বিগত সময়ে যারা রাঙামাটি-২৯৯ আসনে দায়িত্ব পালন করেছেন, তাদের কাছে আমার প্রশ্ন—সিমান্ত এলাকার মানুষরা কি দেশের নাগরিক নন? কেন এই এলাকার মানুষদের বিদ্যুৎসহ মৌলিক সেবার থেকে বঞ্চিত রাখা হয়েছে?”

তিনি আরও বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করলে, আমি প্রথমেই এই অঞ্চলের মানুষের প্রতি বছরের পর বছরের বৈষম্য বন্ধ করতে পদক্ষেপ নেব।

নারী ও যুবসমাজের প্রতি আমার আহ্বান—আসুন আমরা সবাই মিলে সাম্য ও সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়ি।”

জুঁই চাকমা প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে তিনি ঘুষ বাণিজ্য বন্ধ করে মেধার ভিত্তিতে সরকারি চাকরি প্রদানের ব্যবস্থা করবেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব পলাশ চাকমা, সদস্য জলমনি চাকমা, আবু বড়ুয়া (বন্ধু সংগঠন), মঈন উদ্দিন, সাইমুন ইসলাম, মো. মহিন উদ্দিন, মো. মেহেদী হাসান, মো. আব্দুর রশিদ, মো. আলমগীর, মো. ইউছুফ, অনন্ত চাকমা, আশ্রাফুল ইসলাম, স্বপন চাকমা, অরুনজিতা চাকমা এবং নির্বাচনী মুখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

জুঁই চাকমা নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া মানুষদের উদ্দেশ্যে বলেন, “এইবারের নির্বাচনে আপনারা আপনার ভোটের মাধ্যমে আপনার সন্তানকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিন এবং এলাকার উন্নয়নে সক্রিয় অংশ নিন।”