জুরাছড়ি জোনে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা সমন্বয় সম্মেলন


জুরাছড়ি প্রতিনিধি    |    ১০:১২ পিএম, ২০২৬-০১-২৭

জুরাছড়ি জোনে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা সমন্বয় সম্মেলন

আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পার্বত্য রাঙামাটির জুরাছড়ি উপজেলায় জোন উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন জুরাছড়ি জোনের জোন কমান্ডার লে: কর্নেল রাশেদ হাসান সেজান, এসপিপি, পিএসসি।

এতে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফাক আমিন চৌধুরী, জোনের সকল সাব-জোন কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বায়েজীদ বিন আখন্দ, থানা ও বিজিবি প্রতিনিধি, আনসার ব্যাটালিয়ন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সকল প্রিসাইডিং ও পোলিং অফিসার।

সম্মেলনে ভোট কেন্দ্রসমূহের নিরাপত্তা, নির্বাচনী সামগ্রী পরিবহন ও সংরক্ষণ, ভোটারদের নিরাপদ ভোটাধিকার নিশ্চিতকরণ, এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান লক্ষ্য ছিল—সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, বেসামরিক প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় সুদৃঢ় করা এবং একটি নির্বিঘ্ন ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করা।

সভাপতির বক্তব্যে লে: কর্নেল রাশেদ হাসান সেজান বলেন, “গণতন্ত্রের মূল ভিত্তি হলো একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।

এজন্য সকল পক্ষের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। পার্বত্য অঞ্চলের ভৌগোলিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে ভোটাররা ভয়ভীতি ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”

তিনি আরও জানান, জুরাছড়ি জোন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করবে এবং যে কোনো পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখবে।

সম্মেলনের শেষে উপস্থিত সবাই আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।