কাপ্তাই থেকে চুরি হওয়া তিন গরু সিলেটি পাড়া থেকে উদ্ধার করলো পুলিশ


আলমগীর মানিক    |    ০১:২০ এএম, ২০২৬-০১-২৮

কাপ্তাই থেকে চুরি হওয়া তিন গরু সিলেটি পাড়া থেকে উদ্ধার করলো পুলিশ

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই থানার নিয়মিত ও ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ০৩ (তিন) টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে (২৭ জানুয়ারি ২০২৬) রাঙ্গামাটি পৌরসভার সিলেটি পাড়া টিলা এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিকনির্দেশনায় এবং কাপ্তাই থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল এর তত্ত্বাবধানে কাপ্তাই থানার একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

উদ্ধারকৃত গরুগুলো কাপ্তাই থানার মামলা নং–০২, তারিখ–২৫/০১/২০২৬ ইং, ধারা–৩৭৯ পেনাল কোড মূলে চুরি হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত বাদী ও সাক্ষীগণ গরুগুলো শনাক্ত করে নিশ্চিত করেন যে, উদ্ধারকৃত গরুগুলোই প্রকৃত মালিকদের।

পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে গরুগুলো জব্দতালিকা মূলে জব্দ করা হয় এবং গরুগুলোর যথাযথ দেখভাল ও লালন-পালনের স্বার্থে প্রকৃত মালিকদের জিম্মায় প্রদান করা হয়। বিষয়টি বিজ্ঞ আদালতকে অবহিত করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে গবাদিপশু চুরি রোধে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে রাতে গরু নিরাপদ স্থানে রাখা, অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে দ্রুত নিকটস্থ থানায় তথ্য দেওয়ার অনুরোধ করা হয়। জনগণের সচেতনতা ও সহযোগিতার মাধ্যমেই চুরি ও অপরাধ দমন আরও জোরদার করা সম্ভব বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।