নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার ঘিলাছড়িতে জনসংযোগ ও পথসভা


নাজিম আল হাসান    |    ১০:৩৮ পিএম, ২০২৬-০১-২৯

নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার ঘিলাছড়িতে জনসংযোগ ও পথসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা নির্বাচনী প্রচারণার ৮ম দিনে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি বাজারে ব্যাপক জনসংযোগ, নির্বাচনী ইশতেহার বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি, ২০২৬) সকাল থেকে দিনব্যাপী এ কর্মসূচিতে ঘিলাছড়ি বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন জুঁই চাকমা।

এ সময় তিনি ভোটারদের কাছে তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন এবং কোদাল প্রতীকে ভোট প্রার্থনা করেন।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে জুঁই চাকমা বলেন, “ঘিলাছড়ি এলাকার নারীদের একটি গৌরবোজ্জ্বল ও প্রতিবাদী ইতিহাস রয়েছে।

রাঙামাটি-২৯৯ আসনে আমি একমাত্র নারী প্রার্থী। নির্বাচনী প্রচারণায় যেখানে যাচ্ছি, সেখানে নারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।”
তিনি আরও বলেন, “এই আসনে নারীরা চাইলে ভোটের ফলাফল বদলে দিতে পারেন। তাই ঘিলাছড়ির নারী সমাজকে আমি আমার পাশে চাই।”

নানিয়ারচর উপজেলার উন্নয়ন প্রসঙ্গে জুঁই চাকমা বলেন, “এই উপজেলায় স্বাস্থ্য, শিক্ষা ও সড়ক যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালো হলেও কলেজ ও কারিগরি শিক্ষার উন্নয়নে এখনও ঘাটতি রয়েছে।

নির্বাচিত হলে আমি এসব খাতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।”
তিনি বাস্তবায়নের জন্য ভোটারদের সহযোগিতা কামনা করে বলেন, “১২ ফেব্রুয়ারি আপনারা কোদাল মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদে পাঠালে, সকল জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের কাজ করবো।”

পথসভায় তিনি দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ রাঙামাটি গড়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিমল চাকমা, মঈন উদ্দিন, চীর জ্যোতি চাকমা, সাইমুন ইসলাম, অরুনজিতা চাকমা, জুঁই চাকমার নির্বাচনী মুখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।