২৯৯ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি সভা অনুষ্ঠিত


মেহেদী হাসান    |    ০৯:২৪ পিএম, ২০২৬-০১-৩১

২৯৯ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটি-২৯৯ নং সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহণে জনগণের মুখোমুখি সভা অনুষ্ঠিত হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাঙ্গামাটি জেলা কমিটির আয়োজনে শনিবার (আজ) সকাল ১০টায় রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় “একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই”—এই প্রতিপাদ্য বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

সুজন রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রাঙ্গামাটি-২৯৯ নং সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী ৭ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী উপস্থিত ছিলেন।

উপস্থিত প্রার্থীরা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জুঁই চাকমা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অশোক তালুকদার এবং গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী এম. এ. আবুল বাশার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দীলিপ কুমার সরকার, সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক এম. জি. সান বখতিয়ার, সুজন পৌর কমিটির সম্পাদক খোরশেদ আলম খোকনসহ বিভিন্ন স্তরের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেই প্রার্থীই নির্বাচিত হোন না কেন, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পাশাপাশি বিজয়ী প্রার্থীদের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে সমন্বয় রেখে পার্বত্য রাঙ্গামাটি অঞ্চলের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে উপস্থিত স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে সৎ, যোগ্য ও নৈতিক প্রার্থীকে ভোট দেওয়ার অঙ্গীকার হিসেবে শপথ বাক্য পাঠ করানো হয়।