কাউখালী–২৯৯ আসনে রিক্সা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা


নাজিম আল হাসান    |    ০৯:১৮ পিএম, ২০২৬-০২-০৭

কাউখালী–২৯৯ আসনে রিক্সা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি–২৯৯ আসনে এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা আবু বক্কর ছিদ্দিকের রিক্সা প্রতীকের পক্ষে কাউখালী উপজেলায় ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে কাউখালী উপজেলার মগাছড়ি কারবারির দোকান, বেতবুনিয়া বাজার সুগার মিল এলাকা, আদর্শ গ্রাম, ডাববুনিয়া, নাইল্যাছড়ি, ডুলুতে-সহ উপজেলার বিভিন্ন স্থানে এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

গণসংযোগ চলাকালে জোটের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং রিক্সা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের শুরা সদস্য ও সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস রাঙামাটি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুমিন, কাউখালী উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. ইকবাল হোসেন, কাউখালী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইসমাঈল হোসেন, মো. আব্দুল্লাহ আল নোমানসহ এগারো দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পথসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের মানুষ উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যের রাজনীতি থেকে মুক্তি পেতে হলে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন।

এ সময় রাঙামাটি–২৯৯ আসনে এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা আবু বক্কর ছিদ্দিক বলেন, এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে পাহাড়ি ও বাঙালিসহ সব জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলা হবে।

তিনি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দেন।

গণসংযোগ ও পথসভা চলাকালে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় ভোটাররা নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে রিক্সা প্রতীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, কাউখালীসহ পুরো পার্বত্য অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার।

শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সৎ ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই।

তিনি আরও বলেন, রিক্সা প্রতীকের প্রার্থী মাওলানা আবু বক্কর ছিদ্দিক একজন পরিচ্ছন্ন ও যোগ্য নেতৃত্ব।

তাঁকে নির্বাচিত করতে পারলে কাউখালীসহ পুরো রাঙামাটি–২৯৯ আসনে উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসনের নতুন ধারা সৃষ্টি হবে।

তাই আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রিক্সা প্রতীকে ভোট দিয়ে জনমানুষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।