খাগড়াছড়িতে জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


খাগড়াছড়ি প্রতিনিধি    |    ০১:১১ এএম, ২০২৬-০৩-০৭

খাগড়াছড়িতে জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানের অসীম রহমত ও বরকত কামনা এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ) মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, খাগড়াছড়ি ও গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডারগণ, জেলা প্রশাসক, বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার সামরিক ও বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি, জননিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মোনাজাতে পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় থাকার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ জানায়, জনগণের জানমালের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষা করা তাদের অন্যতম অঙ্গীকার।

এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সেবার মানসিকতাকে আরও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।