হারানো মোবাইল ফিরিয়ে দিলেন সিএনজি চালক খোকন মিয়া


অহিদুল ইসলাম অভি    |    ১১:৪৮ এএম, ২০২৬-০৩-১৯

হারানো মোবাইল ফিরিয়ে দিলেন সিএনজি চালক খোকন মিয়া

রাঙামাটি শহরে সততা ও মানবিকতার এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন সিএনজি চালক মোঃ খোকন মিয়া। যাত্রীর ফেলে যাওয়া একটি দামী মোবাইল ফোন কোনো প্রকার লোভ না করে তিনি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সবার প্রশংসা কুড়িয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) শহরের ব্যস্ত বনরুপা এলাকা থেকে রিজার্ভ বাজারগামী এক যাত্রী অসাবধানতাবশত তার ব্যবহৃত মোবাইল ফোনটি সিএনজির ভেতরে ফেলে যান। যাত্রী নামার পর খোকন মিয়া সিএনজির ভেতরে ফোনটি দেখতে পান।

পরবর্তীতে তিনি ফোনটি নিজের কাছে নিরাপদে সংরক্ষণ করে মালিকের যোগাযোগের অপেক্ষায় থাকেন। কিছু সময় পর মোবাইল ফোনে কল আসলে তিনি কল রিসিভ করে মালিককে নির্দিষ্ট স্থানে এসে পরিচয় নিশ্চিত করার অনুরোধ জানান।

যথাযথ যাচাই-বাছাই শেষে খোকন মিয়া মোবাইল ফোনটি প্রকৃত মালিকের হাতে তুলে দেন। হারানো জিনিস ফিরে পেয়ে মালিক আবেগাপ্লুত হয়ে খোকন মিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে খোকন মিয়া বলেন, “সততা মানুষের সবচেয়ে বড় সম্পদ। আমি বিশ্বাস করি, অন্যের জিনিস নিজের কাছে রাখা কখনোই ঠিক নয়। তাই যেটা আমার না, সেটা তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব। মানুষের বিশ্বাস অর্জন করাই আসল অর্জন।”

তার এই সততা ও মানবিক আচরণে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা দেখা গেছে। অনেকেই মনে করছেন, এমন মানুষদের কারণেই সমাজে এখনো সততা, বিশ্বাস ও মানবিকতা টিকে আছে।