চাউলের কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ, বঞ্চিত কয়েকটি পরিবার


অহিদুল ইসলাম অভি    |    ০১:৩৮ পিএম, ২০২৬-০৩-১৯

চাউলের কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ, বঞ্চিত কয়েকটি পরিবার

রাঙামাটি মেডিকেল এলাকা সংলগ্ন এলাকায় চাউলের কার্ড বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকটি পরিবারের দাবি, একই এলাকার অনেক পরিবার কার্ড পেলেও তারা বঞ্চিত হয়েছেন।

অভিযোগ অনুযায়ী, এলাকায় অধিকাংশ পরিবার কার্ড পেলেও অন্তত ৪-৫টি পরিবার এই সুবিধা থেকে বাদ পড়েছে। ভুক্তভোগীরা জানান, যেসব পরিবারে কর্মক্ষম সদস্য রয়েছে তারাও কার্ড পেয়েছেন, অথচ প্রকৃতভাবে অসচ্ছল পরিবার হয়েও তারা তালিকায় অন্তর্ভুক্ত হননি।

এক ভুক্তভোগী বলেন, “আমাদের পরিবারে আমি ও আমার মা ছাড়া উপার্জন করার মতো কেউ নেই। তবুও আমরা কার্ড পাইনি। আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দাবি করছেন, কার্ড বিতরণে সঠিক যাচাই-বাছাই করা হয়নি এবং প্রভাব খাটিয়ে কিছু পরিবার সুবিধা পেয়েছে।

ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে সঠিকভাবে তালিকা প্রণয়ন এবং বঞ্চিতদের দ্রুত কার্ড প্রদানের দাবি জানিয়েছেন।