জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


নাজিম আল হাসান    |    ০৭:৫৩ পিএম, ২০২৬-০৩-৩০

জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

খাগড়াছড়ি জেলার চেঙ্গী ব্রিজ সংলগ্ন পর্যটন মোটেল এলাকার একটি জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ ২০২৬) বিকেলে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে জঙ্গলের ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে খাগড়াছড়ি সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

উদ্ধারকৃত লাশটি খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির হতে পারেন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন জানান,ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে সিআইডির সহায়তা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন,এটি স্বাভাবিক মৃত্যু, নাকি হত্যাকাণ্ড বা অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকেই। আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

এদিকে, অজ্ঞাত এই ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছে। কেউ যদি মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।