ভূমি সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে সরকার: পার্বত্য প্রতিমন্ত্রী


বান্দরবান প্রতিনিধি    |    ১১:৫১ পিএম, ২০২৬-০৪-১৬

ভূমি সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে সরকার: পার্বত্য প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের জটিল ভূমি সমস্যার স্থায়ী সমাধান এবং স্থানীয় জনগোষ্ঠীর সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

বৃহস্পতিবার বান্দরবানের সুয়ালক আবাসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কোনো নতুন উদ্যোগ নয়; এর পেছনে রয়েছে একটি ঐতিহাসিক ধারাবাহিকতা।

তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এই অঞ্চলের সমস্যা সমাধান ও উন্নয়নের একটি সুসংগঠিত রূপরেখা প্রণয়ন করেন।

সেই ধারাবাহিকতাকে ধারণ করে বর্তমান সরকারের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান পাহাড়ি জনগণের দীর্ঘদিনের সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, ভূমি সমস্যার সমাধানের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করা হবে।

সরকার এ অঞ্চলে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।

জাতীয় ঐক্যের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীকে ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’-এর আদর্শে ঐক্যবদ্ধ করেছিলেন।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই আদর্শকে ধারণ করে দেশে ‘রংধনু সংস্কৃতি’ ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

পার্বত্য অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা উল্লেখ করে মীর হেলাল উদ্দীন বলেন, বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান ও চাংলানসহ বিভিন্ন উৎসব এই অঞ্চলের বহুমাত্রিক সংস্কৃতির প্রতীক।

এই বর্ণিল ঐতিহ্যই প্রকৃত বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এবং তা বিশ্বদরবারে তুলে ধরার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের ১২টি ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বাঙালিদের মধ্যে বিদ্যমান সৌহার্দ্য ও সহাবস্থান বাংলাদেশের সাংস্কৃতিক সমৃদ্ধির একটি উজ্জ্বল উদাহরণ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করে দেশ উন্নয়ন ও সম্প্রীতির পথে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে তিনি শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ্ আহমদ, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. আবদুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।