রাঙ্গামাটিতে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক-৪


আলমগীর মানিক    |    ১১:২৪ এএম, ২০২৬-০৪-২৯

রাঙ্গামাটিতে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক-৪

রাঙ্গামাটি সদর থানাধীন এলাকায় মাদকদ্রব্য, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বিকালে রাঙ্গামাটি পৌরসভার রিজার্ভ বাজার এলাকার একটি পরিত্যক্ত সিনেমা হল সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অফিসার ইনচার্জ (ডিবি)-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৩ জন মাদকসেবী ও ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মোঃ মারুফ (২৩), আরমান হৃদয় (২২), আব্দুল্লাহ সাকিব (২৩) এবং মাদক ব্যবসায়ী সজীব (২৫)।

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে পুলিশ। এ সময় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের আহ্বান জানানো হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।