চন্দ্রঘোনা থানার তিন মামলার আসামি গ্রেফতার


আইয়ুব চৌধুরী    |    ০৭:৫২ পিএম, ২০২৬-০৫-১৭

চন্দ্রঘোনা থানার তিন মামলার আসামি গ্রেফতার

রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানা এলাকার একাধিক মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক এক ব্যক্তিকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেফতার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে চন্দ্রঘোনা থানার এসআই মোজাম্মেল হক ও এসআই টিটু দাশের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় আত্মগোপনে থাকা আলুমং মারমা (৩৮) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে থানায় নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃত আলুমং মারমা রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানাধীন ডলুচড়ি এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে তিনটি মামলা চলমান রয়েছে।

এছাড়াও তিনি একটি মামলায় সাজাপ্রাপ্ত এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

তিনি আরও জানান, শনিবার (১৭ মে) সকালে গ্রেফতারকৃত আলুমং মারমাকে আদালতে প্রেরণ করা হবে।

পুলিশের দাবি, অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।