রাঙ্গামাটি জে. হাসপাতালে বিরল সাফল্য: বৃদ্ধার শরীর থেকে ১০ কেজি ওজনের টিউমার অপসারণ


আলমগীর মানিক    |    ০১:০৩ পিএম, ২০২৬-০৫-১৯

রাঙ্গামাটি জে. হাসপাতালে বিরল সাফল্য: বৃদ্ধার শরীর থেকে ১০ কেজি ওজনের টিউমার অপসারণ

আলমগীর মানিক

 

রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকা ৬ নং বালুখালি থেকে টিউমারজনিত জটিল সমস্যা নিয়ে ভর্তি হওয়া এক বয়স্ক নারী রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল। দীর্ঘদিন ধরে টিউমারের কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়া ওই রোগী বয়সজনিত ঝুঁকির কারণে অনেকটাই শয্যাশায়ী ছিলেন। এতে তার পরিবারও হতাশা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল।


গত ১৩ মে ২০২৬ তারিখে রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ১৮ মে ২০২৬ তারিখে একটি সময়সাপেক্ষ জটিল অস্ত্রোপচার পরিচালনা করেন। সফল ওই অপারেশনের মাধ্যমে রোগীর শরীর থেকে প্রায় ১০ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়।


অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন করেন সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাঃ আবদুল্লাহ আল মামুন এবং ডা. সাগর নন্দীসহ তাদের দক্ষ মেডিকেল টিম। বর্তমানে সৃষ্টিকর্তার অশেষ রহমতে রোগী সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।


এদিকে, এমন সফল ও জটিল অস্ত্রোপচার সম্পন্ন করায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা এবং আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ শওকত আকবর খান পুরো অপারেশন টিমকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।


রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গম পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় তাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।