ট্রান্সফরমার বিকল, তিন দিন ধরে অন্ধকারে রাজস্থলী বাজার ও ১২ গ্রাম


আজগর আলী খান    |    ০৭:৪৯ পিএম, ২০২৬-০৫-২৫

ট্রান্সফরমার বিকল, তিন দিন ধরে অন্ধকারে রাজস্থলী বাজার ও ১২ গ্রাম

রাজস্থলীর প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী রাজস্থলী বাজার এলাকায় ট্রান্সফরমার বিকল হয়ে টানা তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

এতে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের অন্তত ১০ থেকে ১২টি গ্রামের হাজারো গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন।

জানা গেছে, গত ২৩ মে শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাজার এলাকার ২০০ মিটারের একটি ট্রান্সফরমার বিকল হয়ে যায়।

এরপর থেকেই পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সোমবার পর্যন্ত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক না হওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি।

চন্দ্রঘোনা বিদ্যুৎ কেন্দ্র (পিডিবি) রাজস্থলীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুমন জানান, ট্রান্সফরমার বিকল হওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

নতুন ট্রান্সফরমার স্থাপনের মাধ্যমে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কাজ চলছে। তবে এতে কিছুটা সময় লাগতে পারে।

পিডিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজস্থলী, বিলাইছড়ি ও কাপ্তাই উপজেলার আওতায় প্রায় ১৮ হাজার গ্রাহক পিডিবির বিদ্যুৎ সুবিধা ভোগ করছেন।

কিন্তু ট্রান্সফরমার বিকলের কারণে রাজস্থলী বাজারসহ বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।

এদিকে বিদ্যুৎ না থাকায় বাজার এলাকা, মহব্বত পাড়া, অংজাইন পাড়া, ডাক্তার পাড়া, হেডম্যান পাড়া, টাওয়ার পাড়া, নতুন পাড়া, মহাজন পাড়া, খাগড়াছড়ি পাড়া, নোয়াপাড়া, তালুকদারপাড়া, মদন কার্বারী পাড়া ও হাজি পাড়াসহ বিভিন্ন এলাকার মানুষ চরম দুর্ভোগে রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ না থাকায় বাতি, পাখা, মোবাইল ফোন, রেফ্রিজারেটরসহ দৈনন্দিন ব্যবহারের বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ হয়ে পড়েছে।

এতে একদিকে যেমন সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, অন্যদিকে গণমাধ্যমকর্মীরাও ল্যাপটপ ও ইন্টারনেট সুবিধা না থাকায় নিয়মিত সংবাদ কার্যক্রম পরিচালনায় সমস্যার সম্মুখীন হচ্ছেন।

খাগড়াছড়ি পাড়ার বাসিন্দা ইদ্রিস মিয়া বলেন, “আমি নিয়মিত বাসায় নেবুলাইজার ব্যবহার করি। বিদ্যুৎ না থাকায় সেটি ব্যবহার করতে পারছি না। শ্বাসকষ্টে ভুগছি।”

রাজস্থলী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল হক বলেন, “নামাজের সময় অজুর পানির প্রয়োজন হয়। বিদ্যুৎ না থাকায় মুসল্লিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।”

একই এলাকার বাসিন্দা ক্রানুমা মারমা বলেন, “বিদ্যুৎ না থাকায় পানির সংকট দেখা দিয়েছে। গোসল, রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। শিশুদের পড়াশোনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

চন্দ্রঘোনা লিচুবাগান পিডিবি কার্যালয়ের চলতি দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কর্মকর্তা তৌফিকুল ইসলাম বলেন, “ট্রান্সফরমার বিকল হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য রাঙ্গামাটি বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করছি, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে।”

এ বিষয়ে রাজস্থলী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান বলেন, “বিষয়টি আমার জানা আছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পিডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে।”

টানা তিন দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় চরম দুর্ভোগে থাকা এলাকাবাসী দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন।