কোতয়ালী থানার বিশেষ অভিযানে চোলাইমদসহ ৪ জন গ্রেপ্তার


আলমগীর মানিক    |    ০১:৫৪ এএম, ২০২৬-০৬-১০

কোতয়ালী থানার বিশেষ অভিযানে চোলাইমদসহ ৪ জন গ্রেপ্তার

রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ এক মাদক কারবারি, এক সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি এবং দুই পলাতক এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।

বুধবার (১০ জুন ২০২৬) রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানার আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে মানিকছড়ি বিসিক শিল্পনগরী এলাকা থেকে চিকন চান চাকমা (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া তবলছড়ি নিচের বাজার এলাকার মো. সাহাব উদ্দীনকে একটি প্রতারণা মামলায় (দণ্ডবিধি ৪২০ ধারা) জারি হওয়া সাজা পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।

একই অভিযানে পুরাতন হাসপাতাল এলাকার শুভ দত্ত (২৮) এবং মহসিন কলোনী এলাকার মো. হৃদয় (২৭) নামে আরও দুই পলাতক এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।