আর্জেন্টিনার র‍্যালিতে ব্রাজিল সমর্থকদের খেজুর, থ্রি-পিস ও হারপিক বিতরন


অহিদুল ইসলাম অভি    |    ০৮:৪৩ পিএম, ২০২৬-০৬-১১

আর্জেন্টিনার র‍্যালিতে ব্রাজিল সমর্থকদের খেজুর, থ্রি-পিস ও হারপিক বিতরন

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতে বৃহস্পতিবার বিকেলে জেলার আর্জেন্টিনা সমর্থকরা আয়োজন করেন এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা।

বিকেল ৪টায় বেলুন উড়িয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আয়োজক কমিটির সদস্যরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রচারণা চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে সমর্থকদের একত্রিত করা হয়। পরে রাঙ্গামাটি আব্দুল শুকুর স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে আর্জেন্টিনার জার্সি ও পতাকা হাতে শত শত মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা শুরু হয়।

নীল-সাদা রঙে সজ্জিত সমর্থকদের অংশগ্রহণে পুরো শহর যেন রূপ নেয় এক টুকরো আর্জেন্টিনায়। শোভাযাত্রাটি স্টেডিয়াম থেকে তবলছড়ি, আসামবস্তি হয়ে আর্জেন্টিনা সেতু এলাকায় পৌঁছালে সমর্থকরা নাচ-গান ও উল্লাসে মেতে ওঠেন। প্রায় এক ঘণ্টাব্যাপী সেখানে চলে আনন্দ-উচ্ছ্বাস ও প্রিয় দলের জয়ধ্বনি।

শোভাযাত্রার পথে রাঙ্গামাটি শহরের দোয়েল চত্বরে দেখা যায় ভিন্নধর্মী এক দৃশ্য। ব্রাজিল সমর্থকদের একটি দল মজার ছলে আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশ্যে হারপিক বিতরণ করেন। এর পাল্টা জবাবে এক আর্জেন্টিনা সমর্থক ব্রাজিল সমর্থকদের মাঝে সেভেন আপ বিতরণ করেন। দুই দলের সমর্থকদের এমন খুনসুটি ও হাস্যরসপূর্ণ আচরণ উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক আনন্দের সৃষ্টি করে।

শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো আর্জেন্টিনা ভক্তের অংশগ্রহণে শোভাযাত্রাটি পরে ভেদভেদী, বনরূপা প্রধান সড়ক অতিক্রম করে রিজার্ভ বাজার ওয়াই সেতু এলাকায় গিয়ে শেষ হয়।

এদিকে শোভাযাত্রায় সরাসরি অংশ নিতে না পারা অনেক আর্জেন্টিনা সমর্থক শহরের প্রধান সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়ে এবং শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রাকে স্বাগত জানান। তাদের উপস্থিতিও উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

সমর্থকদের মতে, বিশ্বকাপ উপলক্ষে এ ধরনের আয়োজন শুধু প্রিয় দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশই নয়, বরং জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। বিশ্বকাপের দিন যত এগিয়ে আসছে, ততই রাঙ্গামাটিতে ফুটবলপ্রেমীদের উন্মাদনা বাড়ছে বলে জানান তারা।