নিরাপদ রাঙ্গামাটি গড়ার প্রত্যয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বৈঠক


মেহেদী হাসান    |    ০১:০৫ পিএম, ২০২৬-০৬-১৪

নিরাপদ রাঙ্গামাটি গড়ার প্রত্যয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বৈঠক

রাঙ্গামাটি পার্বত্য জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টা ২০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ নাজমা আশরাফী।

সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আলমগীর হোসেন, ডিজিএফআই রাঙ্গামাটি শাখার উপ-পরিচালক মোহাম্মদ ইফতেখার, জেলা আনসার কমান্ড্যান্ট মো. সাদ্দাম হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি থোয়াইং মং মারমা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলার সেক্রেটারি মো. মানছুরুল হক।

এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ প্রায় ৩৫ থেকে ৪০ জন সভায় অংশগ্রহণ করেন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা জোরদার, বিভিন্ন অপরাধ দমনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় বৃদ্ধি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা জেলার উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ নাজমা আশরাফী জেলার শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে আরও আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান।