রাঙামাটিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান


আলমগীর মানিক    |    ০২:৪৭ পিএম, ২০২৬-০৭-০৯

রাঙামাটিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটিতে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক পার্বত্যমন্ত্রী ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে তিনি রাঙামাটি পৌর এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন।

পরিদর্শনকালে দীপেন দেওয়ান বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পার্বত্য অঞ্চলের মানুষের জন্য সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, "যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন দলের নেতাকর্মীরাও। রাঙামাটিসহ সমগ্র পার্বত্য অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকার বিশেষ নজর দিয়েছে। প্রত্যেক জাতিগোষ্ঠীর মানুষের কাছে সমানভাবে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।"

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় প্রশাসনের নির্দেশনা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝুঁকিপূর্ণ পাহাড়ে বা পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, "প্রশাসন যখন আশ্রয়কেন্দ্রে যেতে অনুরোধ করছে, তখন কেউ যেন সেটিকে অবহেলা না করেন।

অনেক সময় সতর্কবার্তা উপেক্ষা করার কারণেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে। জীবন রক্ষাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।"

দীপেন দেওয়ান দুর্যোগ মোকাবেলায় শুধু সরকারের ওপর নির্ভর না থেকে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, এই সংকট মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে বড় শক্তি।

এদিন জেলা প্রশাসন এবং দীপেন দেওয়ানের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। তাদের জন্য দুপুরের খাবারের পাশাপাশি শিশুদের জন্য দুধ, খেজুর ও বিস্কুট সরবরাহ করা হয়।

আশ্রয়কেন্দ্রে থাকা নারী, শিশু ও বয়স্কদের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন তিনি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার আব্দুর রকিব (পিপিএম), জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুল হকসহ জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে দীপেন দেওয়ান রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, ওমদামিয়া হিল উচ্চ বিদ্যালয়সহ রাঙামাটি শহরের বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।

সেখানে আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে কথা বলে তাদের বর্তমান পরিস্থিতি, খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কে খোঁজ নেন।

এদিকে টানা বর্ষণ, পাহাড়ধস ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বিভিন্ন এলাকায় জনজীবন এখনও স্বাভাবিক হয়নি। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে দুর্গত মানুষের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।