সম্ভাবনা থেকে সাফল্যের পথে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২৬ বছরে পদার্পণ


মেহেদী হাসান    |    ০২:৫১ পিএম, ২০২৬-০৭-১৫

সম্ভাবনা থেকে সাফল্যের পথে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২৬ বছরে পদার্পণ

প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা পার্বত্য জেলা রাঙ্গামাটির কোলজুড়ে গড়ে ওঠা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) আজ ২৬ বছরে পদার্পণ করেছে। "শিক্ষা, সম্প্রীতি, প্রগতি"—এই তিন মূলনীতিকে ধারণ করে পথচলা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে ১৫ জুলাই বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে 'রাবিপ্রবি দিবস'।

বাংলাদেশ সরকারের আইন, ২০০১-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০১৪-১৫ শিক্ষাবর্ষে। শুরুতে রাঙ্গামাটির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষে সীমিত পরিসরে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি নানা প্রতিকূলতা অতিক্রম করে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ঝগড়াবিলে ৬৪ একর জায়গাজুড়ে নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের অধীনে পাঁচটি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। দক্ষ শিক্ষক, মেধাবী শিক্ষার্থী এবং গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তোলার মাধ্যমে রাবিপ্রবি দেশের উচ্চশিক্ষা অঙ্গনে ধীরে ধীরে নিজেদের অবস্থান সুদৃঢ় করছে।

একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণা, বিতর্ক, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারও দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, বৃক্ষরোপণ, বিভিন্ন প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের মিলনমেলা। এসব আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অতীত অর্জনের মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়নের দিকনির্দেশনা তুলে ধরা হবে।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে শুধু একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, পার্বত্য চট্টগ্রামের শিক্ষা, গবেষণা এবং সামাজিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। এখানকার বহুজাতিক ও বহুসাংস্কৃতিক পরিবেশ সম্প্রীতি, সহনশীলতা এবং বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। একই সঙ্গে স্থানীয় শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।

তবে বিশ্ববিদ্যালয়ের সামনে এখনও কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে আবাসন সুবিধা সম্প্রসারণ, গবেষণায় অধিক অর্থায়ন, আধুনিক গবেষণাগার স্থাপন, নতুন বিভাগ ও উচ্চতর ডিগ্রি চালু, শিল্প-একাডেমিয়ার সংযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজন রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ মুহূর্তে সংশ্লিষ্টদের প্রত্যাশা, আগামী দিনে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ, কৃষি, তথ্যপ্রযুক্তি এবং উদ্ভাবনী গবেষণার অন্যতম কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে। শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পাশাপাশি দেশ গঠনে যোগ্য নাগরিক গড়ে তুলতেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।