সাপছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ সেপ্টেম্বর


আলমগীর মানিক    |    ০২:১১ এএম, ২০২৬-০৯-০৪

সাপছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ সেপ্টেম্বর

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রাঙামাটি সদর জোনের আয়োজনে আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার সাপছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

সেনাবাহিনীর পক্ষ থেকে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হবে। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাপছড়ি ইউনিয়ন ও আশপাশের এলাকার সাধারণ মানুষ এ চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। দুর্গম পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো এবং অসচ্ছল মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, ৬ সেপ্টেম্বর রবিবার সাপছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হবে।

সেনাবাহিনীর এ উদ্যোগকে স্থানীয়ভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দুর্গম এলাকার সাধারণ মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় উপকৃত হবেন স্থানীয়রা।