কাপ্তাইয়ের গভখনা বিদ্যালয়ে শিশুদের নিয়ে VBD’র ‘Care for Generation’ আয়োজন


অহিদুল ইসলাম অভি    |    ০৯:১৫ পিএম, ২০২৬-০৯-১৮

কাপ্তাইয়ের গভখনা বিদ্যালয়ে শিশুদের নিয়ে VBD’র ‘Care for Generation’ আয়োজন

শিশুদের স্বাস্থ্য, ব্যক্তিগত নিরাপত্তা ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে রাঙামাটির কাপ্তাই উপজেলার গভখনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে VBD’র ‘Care for Generation – 6’ কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়।

কর্মসূচিতে শিশুদের জন্য শারীরিক স্বাস্থ্য, গুড টাচ ও ব্যাড টাচ এবং নিরাপদে সড়ক পারাপার ও সড়ক নিরাপত্তা বিষয়ে পৃথক সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়।

সচেতনতামূলক সেশনের পাশাপাশি শিশুদের অংশগ্রহণ ও শেখার আগ্রহ বাড়াতে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতার। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। প্রশ্নোত্তর, আনন্দ ও উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

আয়োজকদের মতে, নানা সীমাবদ্ধতার মধ্যেও গভখনা বিদ্যালয়ের শিশুদের মধ্যে শেখার আগ্রহ ও ভবিষ্যৎ নিয়ে নানা স্বপ্ন রয়েছে। তাদের সচেতনতা ও সম্ভাবনা বিকাশে প্রয়োজন নিয়মিত যত্ন, উৎসাহ ও ইতিবাচক পরিবেশ।

শিশুদের কাছে গিয়ে স্বাস্থ্য, ব্যক্তিগত নিরাপত্তা ও সড়ক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি তাদের শেখার পরিবেশকে আনন্দময় করার লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে VBD।

VBD’র পক্ষ থেকে জানানো হয়, শিশুদের সচেতনতা ও ইতিবাচক বিকাশে দেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার উদ্যোগ রয়েছে।