রাঙামাটিতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন


আলমগীর হোসেন    |    ০৮:৫১ পিএম, ২০২৬-০৯-২২

রাঙামাটিতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি পার্বত্য জেলায় শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬।

তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে এ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও বিজ্ঞ জি.পি., জজ কোর্ট, রাঙামাটি পার্বত্য জেলার অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

চ্যাম্পিয়নশিপে রাঙামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলা থেকে অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা বিভাগে মোট ২০টি দল অংশগ্রহণ করছে। প্রতিটি দল নিজ নিজ থানার প্রতিনিধিত্ব করে এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

আয়োজকদের মতে, এ প্রতিযোগিতার মাধ্যমে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণ ও তরুণ সমাজের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি, দলগত চেতনা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।

কাবাডি শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, দলগত ঐক্য, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার চর্চার অন্যতম মাধ্যম।

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সুস্থ ধারায় সম্পৃক্ত করার পাশাপাশি মাদক, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ এবং পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের এ উদ্যোগের মধ্য দিয়ে তরুণ সমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ-জনগণের অংশীদারিত্ব আরও কার্যকর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।