পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বান্দরবান গড়তে স্থানীয়দের সহযোগিতা চান সাচিং প্রু


নিজস্ব প্রতিবেদক    |    ১১:২৪ এএম, ২০২৬-০৯-২৩

পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বান্দরবান গড়তে স্থানীয়দের সহযোগিতা চান সাচিং প্রু

বান্দরবান শহরকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বান্দরবান পৌর এলাকার বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শনের সময় তিনি এ কথা জানান। এ সময় শহরের পরিচ্ছন্নতা, সড়কের অবস্থা ও নাগরিক সুবিধার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনের শুরুতে ফায়ার সার্ভিস ও হাসপাতাল সড়কসংলগ্ন এলাকার খানাখন্দ ও ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দেন মন্ত্রী। পরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা চৌরাস্তা এলাকায় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও আগাছা দেখে তা দ্রুত পরিষ্কারের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং যানজট কমাতে সরকারি খাসজমি ও সড়কের ওপর গড়ে ওঠা উচ্ছেদযোগ্য অবৈধ স্থাপনা দ্রুত অপসারণ করে সংশ্লিষ্ট এলাকা দখলমুক্ত করার জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন তিনি।

এরপর রোয়াংছড়ি বাস টার্মিনাল পরিদর্শন করেন পার্বত্যমন্ত্রী। সেখানে সুপেয় পানির সংকট, অপরিচ্ছন্ন পরিবেশ, যাত্রীসেবার ঘাটতি ও সামগ্রিক ব্যবস্থাপনা পরিদর্শন করে তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।

পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সুবিধার জন্য প্রধান ডাকঘরের কাছে থানচি বাসস্ট্যান্ড এবং রুমা বাস টার্মিনালের পাশে পৃথক দুটি আধুনিক ও পরিচ্ছন্ন পাবলিক টয়লেট নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেন মন্ত্রী।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এস এম মনজুরুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসিন আরাফাতসহ জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি সংস্থা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সাচিং প্রু বলেন, সরকারি পরিকল্পনার পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা থাকলে বান্দরবানকে পরিচ্ছন্ন, সুসংগঠিত ও মডেল পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।