ভেদভেদি বাজারে ১৫ দিনেও অপসারণ হয়নি ময়লা, দুর্ভোগে দোকানদার ও স্থানীয়রা


মেহেদী হাসান    |    ০২:৩৩ পিএম, ২০২৬-০৯-৩০

ভেদভেদি বাজারে ১৫ দিনেও অপসারণ হয়নি ময়লা, দুর্ভোগে দোকানদার ও স্থানীয়রা

রাঙামাটি শহরের প্রাণকেন্দ্র ভেদভেদি বাজারে দীর্ঘ ১৫ দিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ না করার অভিযোগ উঠেছে।

এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় দোকানদার, ক্রেতা ও স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় দোকানদারদের দাবি, দীর্ঘদিন ধরে বাজারের নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকলেও তা নিয়মিত অপসারণ করা হচ্ছে না।

ফলে পচা ময়লার দুর্গন্ধে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

দোকানদার মুজতাহিদুল বলেন, ময়লার দুর্গন্ধে আমরা ঠিকমতো দোকানদারি করতে পারছি না।

দুর্গন্ধের কারণে অনেক ক্রেতা দোকানে না এসে ফিরে যাচ্ছেন। বিষয়টি রাঙামাটি পৌরসভার কর্তৃপক্ষের দৃষ্টিতে আনছি।

দ্রুত ময়লাগুলো অপসারণের ব্যবস্থা করা প্রয়োজন। আরেক দোকানদার নবীর আহমদ বলেন, এখানে প্রায় ১৫ দিন ধরে ময়লা পড়ে আছে।

পৌরসভার দায়িত্বশীলরা নিয়মিতভাবে ময়লা অপসারণ করছেন না। এখানে ময়লা ফেলার জন্য একটি বড় ও নির্দিষ্ট ডাস্টবিন প্রয়োজন।

তাহলে যত্রতত্র ময়লা ফেলার প্রবণতাও কমবে। স্থানীয়দের অভিযোগ, বাজারের মতো গুরুত্বপূর্ণ একটি স্থানে দীর্ঘদিন ময়লা জমে থাকায় জনস্বাস্থ্য ও পরিবেশ দুটোই হুমকির মুখে পড়ছে।

দ্রুত ময়লা অপসারণের পাশাপাশি স্থায়ীভাবে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে রাঙামাটি পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন ভেদভেদি বাজারের দোকানদার ও স্থানীয়রা।