পাহাড়ের পণ্য এবার যাবে দেশের বাজারে, রাঙামাটিতে ১০ দিনব্যাপী পর্যটন ও উদ্যোক্তা মেলা শুরু


অহিদুল ইসলাম অভি    |    ০১:১১ এএম, ২০২৬-০৯-২৮

পাহাড়ের পণ্য এবার যাবে দেশের বাজারে, রাঙামাটিতে ১০ দিনব্যাপী পর্যটন ও উদ্যোক্তা মেলা শুরু

রাঙামাটিতে ১০ দিনব্যাপী পর্যটন ও উদ্যোক্তা মেলা শুরু। রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় স্থানীয় নারী উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত বিভিন্ন পণ্য নিয়ে অংশ নিয়েছেন।

দীপন তালুকদার বলেন, নারী উদ্যোক্তারা নিজেদের প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাদের পাশে দাঁড়াতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, আগামী দিনে রাঙামাটির পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি পাহাড়ে উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। এর সুফল আগামী কিছু দিনের মধ্যেই পার্বত্য অঞ্চলের মানুষ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও পর্যটন বিষয়ক আহ্বায়ক শ্বাশৎ চাকমা রিংকু, রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা, সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, নন্দিতা দাশসহ সংশ্লিষ্টরা।

মেলায় রাঙামাটির স্থানীয় কৃষি ও হস্তশিল্পের বিভিন্ন পণ্য নিয়ে প্রায় ৫০টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে পাহাড়ি নারীদের উৎপাদিত ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে সাজানো এসব স্টল মেলায় আসা পর্যটক ও স্থানীয়দের আকৃষ্ট করছে।

আয়োজকদের আশা, তিন দিনব্যাপী এ মেলা স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরির পাশাপাশি রাঙামাটির পর্যটন ও স্থানীয় অর্থনীতির প্রসারে ভূমিকা রাখবে।