দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে বিজিবি, পূজামণ্ডপ পরিদর্শনে সেক্টর কমান্ডার


অহিদুল ইসলাম অভি    |    ১০:২৮ পিএম, ২০২৬-১০-১৫

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে বিজিবি, পূজামণ্ডপ পরিদর্শনে সেক্টর কমান্ডার

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে রাঙামাটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ, শহর এলাকা ও দুর্গম সীমান্তবর্তী অঞ্চলে বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পূজার আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত এ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাঙামাটি সেক্টরের আওতাধীন বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে এসব তথ্য জানান বিজিবির রাঙামাটি সেক্টর সদর দপ্তরের পরিচালক ও ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি, এসি।

তিনি বলেন, পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষ যাতে আনন্দঘন, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। মহাপরিচালকের নির্দেশনায় রাঙামাটি শহর, গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ এবং দুর্গম সীমান্তসংলগ্ন এলাকায় বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সেক্টর কমান্ডার জানান, দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত বিজিবি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। এ কার্যক্রম পরিচালনায় স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রাখা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাঙামাটি শহরের শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিক, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজনদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় পার্বত্য অঞ্চলের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

এর আগে মন্দিরে পৌঁছালে বিজিবির এই কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্দির কমিটির যুগ্ম সম্পাদক রতন কুমার দে, কোষাধ্যক্ষ রাজু পালিত, মন্দিরের পুরোহিত রনধীর চক্রবর্তী এবং বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নন্দন দেবনাথ।

পরে মন্দিরে আগত দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন সেক্টর কমান্ডার। যেকোনো পরিস্থিতিতে ভয় না পেয়ে শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

সন্দেহজনক গতিবিধি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প, দায়িত্বে থাকা টহল দল অথবা অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন।

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, প্রীতি ও সম্প্রীতি রক্ষায় বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসব উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।