বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উদযাপন, পূজামণ্ডপে জোন অধিনায়ক


বিলাইছড়ি প্রতিনিধি    |    ০৭:০৭ পিএম, ২০২৬-১০-২০

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উদযাপন, পূজামণ্ডপে জোন অধিনায়ক

বিলাইছড়ি, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি বাজারের শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মহাষ্টমীর অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিলাইছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি।

সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় তিনি সপরিবারে পূজামণ্ডপে উপস্থিত হলে তাঁকে স্বাগত জানান মন্দির পরিচালনা কমিটির সভাপতি রুপন কান্তি দে এবং পূজা উদযাপন কমিটির সভাপতি সৈকত দাস রুবেল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি। এ সময় আরও বক্তব্য দেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমাণ গনি, বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম ফকির, ১ নম্বর বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং পূজা উদযাপন কমিটির সভাপতি সৈকত দাস রুবেল।

পরে রুবেল বড়ুয়া ও সুমি চক্রবর্তীর সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের একপর্যায়ে জোন অধিনায়ক পূজা উদযাপন কমিটির হাতে উপহার হিসেবে পাঁচ পাউন্ড ওজনের একটি কেক তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলাইছড়ি জোনের সহ-অধিনায়ক মোহাম্মদ ফখরুল আবেদীন, পিএসসি; মেজর মো. সাকিব হাসান; লেফটেন্যান্ট রাইদ মাহমুদ আদিল; ক্যাপ্টেন মো. খালিদ হোসেন; বিলাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদ এবং ২ নম্বর কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল)সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

এ ছাড়া সেনাবাহিনী ও পুলিশের সদস্য, রাজনৈতিক নেতাকর্মী এবং পাহাড়ি-বাঙালি বিভিন্ন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ আনুমানিক ৩০০ থেকে ৩৫০ জন অনুষ্ঠানে অংশ নেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলায় পরিণত হয়।