সাজেকে আবারও সশস্ত্র হামলা, গুলিবিদ্ধ ইউপিডিএফ কর্মীর স্ত্রী; আতঙ্কে জুমিয়ারা


আলমগীর মানিক    |    ০৩:১৬ পিএম, ২০২৬-১১-০৯

সাজেকে আবারও সশস্ত্র হামলা, গুলিবিদ্ধ ইউপিডিএফ কর্মীর স্ত্রী; আতঙ্কে জুমিয়ারা

আলমগীর মানিক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনাছড়া এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অরুনা চাকমা (৩০) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। তিনি স্থানীয়ভাবে পরিচিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী সুরেশ চাকমার স্ত্রী। সোমবার (৯ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সাজেকের দুর্গম জনপদে নতুন করে সশস্ত্র তৎপরতা, আধিপত্য বিস্তার এবং পাহাড়ের ভাতৃঘাতী সংঘাতের আশঙ্কা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার হঠাৎ একদল অজ্ঞাত বন্দুকধারী শুকনাছড়া এলাকায় অতর্কিত গুলি চালায়। এ সময় অরুনা চাকমা গুলিবিদ্ধ হয়ে হাত ও পায়ে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

আহত অরুনা চাকমার স্বামী সুরেশ চাকমা ইউপিডিএফের একজন কর্মী হিসেবে পরিচিত। সুরেশ বর্তমানে চাঁদাবাজির মামলায় কারাগারে রয়েছেন বলে জানাগেছে।

এদিকে সাজেকসহ রাঙামাটির বিভিন্ন দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে আঞ্চলিক রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও সশস্ত্র তৎপরতার অভিযোগ এবং সংঘাতের ঘটনা জননিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে রয়েছে। বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ ও পাল্টাপাল্টি অবস্থানের কারণে সাধারণ পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতিও তৈরি হচ্ছে।

বিশেষ করে পাহাড়ের রাজনৈতিক বিরোধ যখন সশস্ত্র সহিংসতায় রূপ নেয়, তখন এর সবচেয়ে বড় মূল্য দিতে হয় নিরীহ সাধারণ মানুষকে। দলীয় বিরোধ, আধিপত্যের লড়াই কিংবা প্রতিশোধের রাজনীতিতে প্রাণহানি ও রক্তপাতের পাশাপাশি নারী, শিশু ও পরিবারের সদস্যদেরও অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়। ঘটনার পর থেকে শুকনাছড়া ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, হামলাকারীদের শনাক্ত এবং দুর্গম জনপদে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।